নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ছটমহাপর্ব উপলক্ষ্যে যাত্রী ও পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দুর্গাপুরের বিভিন্ন ছটঘাট পরিদর্শন করলেন জেলা প্রশাসন ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ আধিকারিকরা। এদিন দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্কের প্রধান জলাশয় এবং তার চারপাশ ঘুরে দেখেন পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার এবং পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস। কুমারমঙ্গলম পার্কের এই জলাশয়ে প্রতি বছর পুজো দিতে হাজার হাজার মানুষের সমাগম হয়, যা মাথায় রেখে এবার আগাম নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যৌথ পরিদর্শনের এই অভিযানে জেলাশাসক ও পুলিশ কমিশনারের পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং এবং ডেপুটি কমিশনার (ট্রাফিক) যাদব ভীমরাও অবিনাশসহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। উৎসব চলাকালীন যেকোনো ধরণের অঘটন বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে এবার একাধিক কড়া নির্দেশিকা জারি করা হচ্ছে। পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে জলাশয়গুলির বিপজ্জনক অংশে বাঁশের ব্যারিকেড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ জোর দিচ্ছে প্রশাসন। জেলাশাসক জানিয়েছেন, ছটপুজোর দিনগুলিতে জলাশয়গুলিতে স্পিডবোট ও নৌকার মাধ্যমে সার্বক্ষণিক টহলদারি চালানো হবে। এর পাশাপাশি আকাশপথে ড্রোনের সাহায্যেও ভিড়ের ওপর বাড়তি নজরদারি রাখা হবে। কোথাও যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং জেলা প্রশাসন সম্পূর্ণ তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।