নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে এই মুহূর্তে রাজ্যজুড়ে চর্চা তুঙ্গে। এই প্রকল্পে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে পৌঁছে যায় ৩,০০০ টাকা। কিন্তু এই উৎসবের মরশুমে শিল্পনগরী দুর্গাপুরের এক পুজো মণ্ডপে দেখা মিলল এক অদ্ভুত ও মজাদার দৃশ্যের। সেখানে ৩,০০০ টাকা না মিললেও, মাত্র ৫ টাকাতেই পাওয়া যাচ্ছে 'অন্নপূর্ণা যোজনা'! না, কোনো সরকারি ভাতা নয়, এটি আসলে একটি মুখরোচক চিপসের প্যাকেট, যার নাম দেওয়া হয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’।
দুর্গাপুরের অন্যতম হাইবাজেট পুজো হিসেবে পরিচিত মার্কনী দক্ষিণ পল্লীর দুর্গাপুজো। আবুধাবির স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। আর এই মণ্ডপের ঠিক সামনেই এক মহিলা বিক্রেতা সাজিয়ে বসেছেন এই বিশেষ চিপসের প্যাকেট। সরকারি প্রকল্পের নামের সঙ্গে হুবহু মিল থাকায়, মণ্ডপে আসা আট থেকে আশি—সকলেরই নজর কাড়ছে এই ৫ টাকার প্যাকেট। বিশেষ করে খুদে দর্শনার্থীদের কাছে এই চিপস অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। পকেটে বিশেষ টান না পড়ায় অভিভাবকরাও হাসিমুখে সন্তানদের এই আবদার মেটাচ্ছেন।
ওই বিক্রেতা মহিলা জানান, পুজোর দিনগুলোতে মণ্ডপের সামনে ভিড় বাড়ার সাথে সাথে চিপসের বিক্রিও ব্যাপক হারে বেড়েছে। শিশুদের মধ্যে এর চাহিদা সবচেয়ে বেশি। অভিনব নামের জোরেই চিপসটি এখন মণ্ডপ চত্বরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।
এই মজার ঘটনাটি নজর এড়ায়নি রাজনৈতিক মহলেরও। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল এই বিষয়ে রসিকতা করে বলেন, "সরকারি প্রকল্পের সাথে এই চিপসের কোনো সম্পর্ক নেই ঠিকই, তবে বিষয়টি দেখে আমরাও বেশ মজা পেয়েছি। আসলে বর্তমানে সরকারি ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয়, আর সেই নামের আকর্ষণের কারণেই হয়তো বাজারে এই চিপসের প্যাকেটেরও এত চাহিদা তৈরি হয়েছে।"
সরকারি প্রকল্পের বিজ্ঞাপনী মারপ্যাঁচকে ছাপিয়ে পুজো মণ্ডপের সামনে এই পাঁচ টাকার 'অন্নপূর্ণা যোজনা' এখন দর্শনার্থীদের মুখে মুখে ঘুরছে, যা উৎসবের আবহে এক টুকরো বাড়তি আনন্দ যোগ করেছে।