নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার একটি নামী বেসরকারি হোটেলে আচমকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাসি, পচা এবং ছত্রাক ধরা খাবার উদ্ধার করল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযোগ, দীর্ঘদিন ধরে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ করে তা গ্রাহকদের পরিবেশন করা হচ্ছিল। সোমবারের এই ঝটিকা অভিযানের পর শহরের রেস্তোরাঁ ও হোটেলগুলির খাবারের গুণমান নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।
খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন ওই হোটেলের রান্নাঘর ও রেফ্রিজারেটরে তল্লাশি চালানোর সময় আধিকারিকদের নজরে আসে মারাত্মক অনিয়ম। উদ্ধার করা হয় ছত্রাক লেগে যাওয়া বাসি কাবাব, পচে যাওয়া নানা ধরনের মসলা এবং ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী। রান্নাঘরের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন আধিকারিকরা। খাবার তৈরির ক্ষেত্রে ন্যূনতম স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত সরকারি নিয়মকানুন মানা হচ্ছিল না বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
অভিযান চলাকালীন উদ্ধার হওয়া ক্ষতিকারক খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি বেশ কিছু খাবারের নমুনা সংগ্রহ করেছেন খাদ্য সুরক্ষা আধিকারিকরা।
দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানান, "গ্রাহকদের স্বাস্থ্যের সঙ্গে ছেলেখেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। খাদ্যের মান ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে সামান্য গাফিলতি মিললেও কঠোর পদক্ষেপ করা হবে।" সংগৃহীত নমুনার রিপোর্ট আসার পর এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে দপ্তরের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।