সংবাদদাতা,পূর্বস্থলী: দশমীর রাতে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় স্থানীয় বিধায়ককে নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদ করায় এক যুবককে বাঁশ দিয়ে আঘাত করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী থানার অন্তর্গত চৌরঙ্গী এলাকায়। আক্রান্ত যুবকের নাম শঙ্কু ঘোষ। অভিযুক্তের নাম নিত্যানন্দ মিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দশমীর রাতে চৌরঙ্গী এলাকায় স্থানীয় বাসিন্দারা যখন দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন নিত্যানন্দ মিস্ত্রি নামের এক যুবক মদ্যপ অবস্থায় এলাকার বিধায়ককে উদ্দেশ্য করে কটু কথা বলতে শুরু করেন। মণ্ডপে উপস্থিত স্থানীয় বাসিন্দা শঙ্কু ঘোষ এর প্রতিবাদ করেন এবং তাঁকে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন।
অভিযোগ, এই প্রতিবাদের পরেই নিত্যানন্দ উত্তেজিত হয়ে প্যান্ডেলের পাশে পড়ে থাকা একটি ভাঙা বাঁশের অংশ দিয়ে শঙ্কু ঘোষের উপর চড়াও হয় এবং পেটে সজোরে আঘাত করে। ঘটনায় গুরুতর জখম হন শঙ্কু। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পূর্বস্থলী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বিধায়কের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।