নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শারদোৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। কিন্তু ভিড় আর শারীরিক প্রতিবন্ধকতার কারণে সমাজের এক বড় অংশের প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) মানুষের কাছে প্যান্ডেল হপিং অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। এবার তাঁদের মুখে উৎসবের হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগের সাক্ষী থাকল শিল্পশহর। শুভ মহাষষ্ঠীর পুণ্য লগ্নে দুর্গাপুর ও বিধাননগর এলাকার প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য আয়োজন করা হল এক বিশেষ ‘পুজো পরিক্রমা’র।
দুর্গাপুরের বিধাননগরের বিশিষ্ট দুই প্রতিষ্ঠান এসকেএস মেডিকেল কলেজ এবং এবং বেঙ্গল হসপিটালের উদ্যোগে এই মহতী কর্মসূচির রূপায়ণ করা হয়। উৎসবের মূল স্রোত থেকে যাতে সমাজের এই শ্রদ্ধেয় ও সংবেদনশীল মানুষেরা পিছিয়ে না পড়েন, সেই লক্ষ্যেই দুই কর্তৃপক্ষ এই নিখরচায় প্যান্ডেল হপিংয়ের ব্যবস্থা করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের সুবিধার্থে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছিল। বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখে সার্বক্ষণিক সহায়তার জন্য রাখা হয়েছিল প্রশিক্ষিত প্যারামেডিকেল স্টাফ ও চিকিৎসা কর্মী। এদিন দুর্গাপুরের সেরা ৫টি পূজা মণ্ডপ অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঘুরে দেখেন তাঁরা।
পুজো দেখার আনন্দের পাশাপাশি তাঁদের উৎসবের আমেজকে আরও মধুর করতে উদ্যোক্তাদের তরফ থেকে মিষ্টি মুখ করানো হয়। একই সাথে, আগামী শীতের মরশুমের কথা বিবেচনা করে প্রত্যেককে একটি করে আকর্ষণীয় থার্মাসের জলের বোতল (ফ্লাস্ক) উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
চিকিৎসা ও সেবা ব্যবস্থার বাইরে এসে হাসপাতালের এইরকম একটি সামাজিক ও সংবেদনশীল পদক্ষেপে আপ্লুত অংশগ্রহণকারীরা। ঘরের চার দেওয়ালে বন্দি জীবন থেকে বেরিয়ে এসে পুজো মণ্ডপের আলো দেখতে পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন এবং মন খুলে আয়োজক কমিটিকে আশীর্বাদ জানিয়েছেন।
মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই মানুষদের আনন্দ দিতে পেরে তাঁরা অত্যন্ত তৃপ্ত। এই কর্মসূচির সাফল্যে অনুপ্রাণিত হয়ে আগামী দিনেও সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে এই ধরণের মানবিক উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তাঁরা।