নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- যথাযোগ্য মর্যাদা, ভক্তি ও পরম নিষ্ঠার সঙ্গে দুর্গাপুরের ইসকন মন্দিরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা পবিত্র জন্মাষ্টমী উৎসব । প্রতি বছরের মতো এবারও জন্মাষ্টমীকে কেন্দ্র করে শিল্পশহরের এই প্রসিদ্ধ মন্দির প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তের। তবে এবারের উৎসবের মূল আকর্ষণ হলো শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত ১ লক্ষ ১ হাজার ১০৮টি বিশেষ লাড্ডু, যা তৈরি হয়েছে ভগবানের অত্যন্ত প্রিয় তুলসীপাতা দিয়ে।
সনাতন ধর্মে বিশ্বাস, ভক্তিভরে শ্রীকৃষ্ণকে তুলসী নিবেদন করলে তিনি দ্রুত সন্তুষ্ট হন। ভক্তদের সেই বিশ্বাস ও অনন্য কৃষ্ণভক্তির নজির টেনেই এই অভিনব তুলসী-লাড্ডুর আয়োজন করা হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন।
উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো ভক্তদের জন্য বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা। পুজো দেওয়ার পাশাপাশি প্রসাদ গ্রহণের জন্য দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এই প্রসঙ্গে ইসকনের প্রধান সেবায়িত ঔদার্য চন্দ্র দাস জানান, "প্রতিবছরের মতো এবারও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করা হচ্ছে। সকাল থেকেই ভক্তদের সমাগম বেশ ভালো। তবে সময় যত গড়াবে, বিশেষ করে সন্ধ্যার দিকে ভক্তদের ভিড় আরও কয়েক গুণ বাড়বে বলে আমরা আশা করছি। মন্দিরে আসা সমস্ত ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।"
আজ মধ্যরাতেও ভগবানের বিশেষ পুজো ও মহা-অভিষেকের আয়োজন রয়েছে। সব মিলিয়ে, ১ লক্ষের বেশি তুলসী-লাড্ডুর এই বিশেষ ভোগ নিবেদনকে কেন্দ্র করে এবারের দুর্গাপুর ইসকনের জন্মাষ্টমী উৎসব এক অন্য মাত্রা পেয়েছে।