সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- পুজোর মুখে বোনাস এবং মজুরি বৃদ্ধির দাবিতে সোচ্চার হলেন দুর্গাপুর নগর নিগম -এর অস্থায়ী সাফাই কর্মীরা। অস্থায়ী সাফাই কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সোমবার নিগমের মূল গেটের সামনে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনকারীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে উৎসব বোনাস প্রদান, দৈনিক মজুরি বৃদ্ধি এবং সম কাজে সম বেতনের অধিকার নিশ্চিত করা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অস্থায়ী সাফাই কর্মী ইউনিয়নের সম্পাদক সুভাষ সাহা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্শ্ববর্তী আসানসোল পৌরনিগমে যেখানে অস্থায়ী সাফাই কর্মীরা দৈনিক ৪০০ টাকা মজুরি পাচ্ছেন, সেখানে দুর্গাপুরে তাঁদের মাত্র ২০২ টাকা হাজিরা দেওয়া হচ্ছে। একই রাজ্যের দুটি পৌরসভায় এই ধরনের দ্বিমুখী নীতি ও মজুরি বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তিনি দাবি করেন।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ন্যায্য দাবিদাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলা শাসক এবং শ্রম দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতৃত্ব। বিক্ষোভ কর্মসূচি শেষে সাফাই কর্মীদের একটি প্রতিনিধি দল একাধিক দাবি সম্বলিত একটি স্মারকলিপি বা ডেপুটেশন দুর্গাপুর নগর নিগমের কমিশনারের কাছে জমা দেন।