নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- উৎসবের আনন্দের মাঝেই মহাসপ্তমীর সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল শিল্পাঞ্চল দুর্গাপুর। ১৯ নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবক ও এক তরুণীর।
এদিন সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ের দিক থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পিয়ালার অভিমুখে যাচ্ছিল ওই মোটরবাইকটি। বাইকে দুই যুবক ও এক তরুণী সওয়ার ছিলেন প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকটির গতিবেগ অনেকটাই বেশি ছিল। পিয়ালার কাছাকাছি আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার একটি চলন্ত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মার ।ধাক্কার অভিঘাতে বাইক আরোহী দুই যুবক ও এক তরুণী ছিটকে রাস্তায় পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় তিনজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠালে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশের তরফে খবর দেওয়া হয় মৃতদের পরিবারকে। উৎসবের আনন্দ নিমেষের মধ্যে বিষাদের ছায়া নামে পরিবারগুলির সদস্যদের মধ্যে।
অন্যদিকে দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, বাইকটির গতিসীমা ঠিক কত ছিল এবং এই ঘটনায় ট্রাকচালকের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।