সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাতের অন্ধকারে এলাকায় ফিরতেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকেরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ডিপিএল কলোনি এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের সেলও ফাটায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল এবং তাঁর দাদার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগ ছিল। রবিবার রাতে শশাঙ্ক শেখর মণ্ডল এলাকায় ফিরছেন, এই খবর জানাজানি হতেই ডিপিএল কলোনিতে উত্তেজনা ছড়ায়। উত্তেজিত বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকেরা তাঁর বাড়িটি ঘিরে ফেলে।
অভিযোগ, বিক্ষোভ চলাকালীন প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে চড়াও হয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত ভিড় ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় সরাতে পুলিশ কাঁদানে গ্যাসও ছোড়ে।
পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত উত্তেজনা কমাতে পুলিশ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পরও চাপা উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।