নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দীর্ঘদিনের পলি জমার জেরে দুর্গাপুর ব্যারাজের জলধারণ ক্ষমতা হ্রাস ও জলপ্রবাহ ব্যাহত হওয়ার সমস্যা নিয়ে এবার সরাসরি দিল্লির দরবারে সরব হলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। দুর্গাপুর তথা সমগ্র শিল্পাঞ্চলের ভবিষ্যৎ জলসংকট দূর করতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর কাছে দ্রুত ড্রেজিং ও পরিকাঠামো উন্নয়নের জোরালো দাবি জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপের আশ্বাস মিলেছে বলে বিধায়ক জানিয়েছেন।
দামোদর নদের ওপর গড়ে ওঠা এই দুর্গাপুর ব্যারাজ শিল্পশহর দুর্গাপুরসহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলের পানীয় জল ও শিল্পক্ষেত্রের জলের প্রধান উৎস। কিন্তু দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ায় ব্যারাজের তলদেশে বিপুল পরিমাণ পলি ও বালি জমেছে। এর ফলে, ব্যারাজের স্বাভাবিক জলধারণ ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। বর্ষাকালে অতিরিক্ত জল ছাড়ার ক্ষেত্রে এবং শুখা মরসুমে জল মজুত রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। বর্ষার অতিরিক্ত জল ধারণ কমে যাওযায় প্রতিবছরই প্লাবনের পরিস্থিতি তৈরি হয়। দুর্গাপুর ও বৃহত্তর শিল্পাঞ্চলের ভবিষ্যৎ জল সরবরাহ ব্যবস্থা সংকটের মুখে পড়ছে।
এই পরিস্থিতির স্থায়ী সমাধানে দুর্গাপুরের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাতিলের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। সেখানে তিনি ব্যারাজের যথাযথ ড্রেজিং, জলধারণ ক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের ক্রমবর্ধমান জলচাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ঢেলে সাজানোর আবেদন জানান।
বিধায়কের এই আবেদনের পর কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করার কথা জানান। দুর্গাপুর শিল্পাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বের কথা মাথায় রেখে ব্যারাজের কার্যকারিতা ফিরিয়ে আনতে এবং জল সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
বিধায়কের এই উদ্যোগের পর শিল্পাঞ্চলের বাসিন্দাদের আশা, কেন্দ্র সরকারের দ্রুত হস্তক্ষেপে দামোদর ব্যারাজ তার পুরনো জলধারণ ক্ষমতা ফিরে পাবে এবং আগামী দিনে দুর্গাপুরের জলকষ্টের স্থায়ী সমাধান হবে।