সঙ্গীতা চৌধুরীঃ- এই পৃথিবীতে কারও কর্ম দেখে আমরা বিচার করতে পারি না! কে সৎ কে অসৎ! কারণ বিচার করতে পারেন একমাত্র সৎ চিৎ আনন্দ ময় ঈশ্বর! আমরা বিচার করতে গেলে শিব গড়তে বাঁদর গড়ব! ঠিক তাই, অনেকেই অল্প জ্ঞান থেকে বলে থাকেন টুক করে মরে যাওয়া ভালো! কিন্তু সত্যি কি তাই?
স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব শ্রুতিস্মৃতিতে বলেছেন, “মরার সময় মানুষ কষ্ট পেয়ে মরলে সাধারণ লোকে তাকে পাপী বলে। এর কোন যুক্তিযুক্ত কারণ নেই।”
বিষয়টা ব্যাখ্যা করে তিনি বলেছেন যে,“ টুক ক'রে মরার চেয়ে বরং কষ্ট পেয়ে মরা ভাল। কেননা, তাতে রোগ-শোক-দুঃখভোগের আলয় এই নশ্বর দেহটার ওপর মায়া-মমতা কেটে যেতে থাকে। সে বুঝবার অবসর পায় যে, এ সংসারে কোথাও সুখ নেই। ধীরে ধীরে একটু একটু করে তার জীবন-প্রদীপ যতই নিভে আসতে থাকে, ততই তার দেহটার প্রতি বিতৃষ্ণা হতে থাকে। তখন সে জানতে পারে যে, ধন-জন, মান - সম্ভ্রম, আত্মীয়-স্বজন, প্রিয়-পরিজন, ঘর-বাড়ী কিছুতেই তার দুঃখ জ্বালা নিবারণ করতে পারে না। তখন সে বোঝে, কেউ তার আপনার নয়, কিছুই তার নয়। তখন শুধু শান্তির জন্য লালায়িত হয়ে সেই একমাত্র শান্তিদাতার শরণাপন্ন হওয়ার অবসর পায়।”