সংবাদদাতা,আসানসোলঃ- ভক্তি, শ্রদ্ধা এবং রাজকীয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রূপনারায়ণপুরে উদযাপিত হচ্ছে ‘ফ্রেন্ডস জোন’ ক্লাবের দ্বিতীয় বর্ষের গণেশ পূজা। হিন্দুস্তান কেবেলসের আইটিআই মোড়ের কাছে আয়োজিত এই উৎসবকে ঘিরে রূপনারায়ণপুর ও তার সংলগ্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ও উদ্দীপনা তৈরি হয়েছে।
এবছরে ফ্রেন্ডস জোনের গণেশ পুজোর প্রধান আকর্ষণ ১২ ফুট উচ্চতার চোখ ধাঁধানো গণেশ মূর্তি। সূক্ষ্ম শৈল্পিক কারুকাজে গড়া এই প্রতিমার পাশাপাশি নান্দনিক মণ্ডপসজ্জা এবং আধুনিক আলোকসজ্জা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। উৎসবের দিনগুলিতে সন্ধ্যে নামতেই আলো ঝলমলে মণ্ডপ প্রাঙ্গণের মনকাড়া শোভা দেখতে ভিড় জমান বহু মানুষ।
উৎসবমুখর পরিবেশকে আরও আনন্দময় করে তুলেছে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে। এর মধ্যে ছিল কচিকাঁচাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, নারীদের জন্য জনপ্রিয় খেলা ‘মিউজিক্যাল চেয়ার’, মনোজ্ঞ লোকসঙ্গীত অনুষ্ঠান এবং পরোপকারের উদ্দেশ্যে আয়োজিত ‘নরনারায়ণ সেবা’।
ক্লাবের কর্মকর্তা ও উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের বিপুল সাফল্যের পর এবার দ্বিতীয় বর্ষে পা রেখে পুজোর আয়োজনে বেশ কিছু নতুনত্ব ও বিশেষত্ব আনা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভালোবাসার কারণেই গোটা রূপনারায়ণপুর এলাকা জুড়ে একটি উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশ তৈরি সম্ভব হয়েছে। সুষ্ঠু ও সফলভাবে পূজা সম্পন্ন হওয়ায় ক্লাব সমন্বয়ক ও এলাকাবাসী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।