নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- খুচরো ঋণপ্রদানে গতি আনতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে দুর্গাপুরে এক বিশেষ উদ্যোগ নিল সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। শুক্রবার দুর্গাপুরের ভিড়িঙ্গী এলাকার একটি বেসরকারি হলে আয়োজিত এক মেগা ঋণপ্রদান কর্মসূচিতে প্রায় ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। ব্যাঙ্কের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমানে গৃহঋণের ক্ষেত্রে তাদের সুদের হার বাজারের অন্যতম সর্বনিম্ন।
এদিনের এই বিশেষ কর্মসূচিতে মূলত গৃহঋণ, শিক্ষাঋণ, ব্যক্তিগত ঋণ, যানবাহন ঋণ এবং সোনা বন্ধকী ঋণের (গোল্ড লোন) ওপর জোর দেওয়া হয়েছিল। ব্যাঙ্ক সূত্রের খবর, মোট বিতরিত ২৫ কোটি টাকার ঋণের মধ্যে একটি বড় অংশই গিয়েছে গৃহঋণ খাতে। প্রায় ১৫ কোটি টাকার গৃহঋণ পেয়েছেন ৩০ জন গ্রাহক। এর পাশাপাশি, ওই একই দিনে প্রায় ৫ কোটি টাকার নতুন ঋণপ্রস্তাব বা সম্ভাব্য ঋণের আবেদন জমা পড়েছে ব্যাঙ্কের কাছে।
অনুষ্ঠানে সেন্ট্রাল ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সাধারণ মধ্যবিত্তের আবাসন স্বপ্নের কথা মাথায় রেখে বর্তমানে মাত্র ৭ শতাংশ সুদে গৃহঋণ দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, বর্তমান বাজারে অন্য কোনও রাষ্ট্রায়াত্ত বা বেসরকারি ব্যাংক এত কম সুদের হারে গৃহঋণ দিচ্ছে না।
সেন্ট্রাল ব্যাঙ্কের আঞ্চলিক প্রবন্ধক কুমুদ রঞ্জন জানান, পশ্চিম বর্ধমান জেলার মামরা, ভিরিঙ্গি, অন্ডাল ও রানিগঞ্জ-সহ বিভিন্ন শাখার আওতাধীন গ্রাহকদের এই কর্মসূচির মাধ্যমে ঋণ অনুমোদন করা হয়েছে। গৃহঋণের পাশাপাশি পড়ুয়াদের শিক্ষা এবং সাধারণ মানুষের জরুরি ব্যক্তিগত প্রয়োজন মেটাতেও ব্যাঙ্ক অত্যন্ত সহজ উপায়ে ঋণপ্রদান করছে। ব্যাঙ্কের মুখ্য প্রবন্ধক সঞ্জয় কুমার এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, গ্রাহকদের বিভিন্ন আর্থিক চাহিদা দ্রুত এবং সহজে মেটাতেই এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল।