নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোমবার এক বুক আনন্দ, উচ্ছ্বাস এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হলো দুর্গাপুর হ্যান্ডিক্যাপড হ্যাপি হোম-এর ২৪তম প্রতিষ্ঠাদিবস। ২০০২ সালে অত্যন্ত সাধারণ ও ছোট পরিসরে পথচলা শুরু করে আজ বিগত চব্বিশ বছর ধরে এই প্রতিষ্ঠানটি বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের জীবনে এক অনন্য আলোর দিশারী হয়ে উঠেছে। সমাজে মানবিকতার এক জ্বলন্ত নিদর্শন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এই সংস্থা।
প্রতিষ্ঠাদিবসের মূল আকর্ষণ ছিল এই হোমের আবাসিক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাংস্কৃতিক পারফরম্যান্স। বিশেষ ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থীদের পরিবেশিত গান ও নাচ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তাদের এই অসাধারণ পরিবেশনার মধ্য দিয়ে ফুটে ওঠে তাদের সুপ্ত সৃষ্টিশীল দক্ষতা ও প্রতিভা।
অনুষ্ঠানে এই হোমের অগ্রগতিতে ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সমাজসেবী ও স্বেচ্ছাসেবকদের উত্তরীয় পরিয়ে বিশেষভাবে সম্মানিত করা হয়। একই সাথে তাঁদের হাতে তুলে দেওয়া হয় স্মারক সম্মাননা ও একটি করে গাছের চারা। সমস্ত আবাসিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অন্য মাত্রা লাভ করে।
সংস্থার সহ-সম্পাদক উত্তম ঘোষ মহাশয় জানান, "আজকের এই অনুষ্ঠান এতটা আকর্ষণীয় ও সফল হয়ে উঠেছে শুধুমাত্র আমাদের সংস্থার সমস্ত শিক্ষিকা এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলে।"
সবশেষে, দুর্গাপুর হ্যান্ডিক্যাপড হ্যাপি হোম-এর সম্পাদিকা পাপিয়া মুখার্জী উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে এই মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।