নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার সকাল থেকেই উৎসবের আমেজে মেতে উঠল দুর্গাপুরের আমরাই এলাকা। বিশ্বনবী হজরত মহম্মদের জন্মদিনকে স্মরণ করে স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার যৌথ উদ্যোগে এদিন এলাকায় একটি বিশাল ও বর্ণাঢ্য শান্তি মিছিল বা জুলুস বের করা হয়।
সকাল থেকেই আমরাই ও সংলগ্ন এলাকার বহু মানুষ এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল ইসলামিক পতাকা এবং বিশ্বনবীর শান্তি ও সৌহার্দ্যের বাণী লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। মিছিল থেকে সমাজের বুকে শান্তি, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং মানবতার বার্তা তুলে ধরা হয়। বর্ণাঢ্য এই জুলুসটি আমরাই এলাকার বিভিন্ন প্রধান পথ পরিক্রমা করে।
উৎসবের আবহে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, তার জন্য আগে থেকেই তৎপর ছিল প্রশাসন। দুর্গাপুর থানার পুলিশের পক্ষ থেকে গোটা মিছিল জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।