উত্তর বাংলা এই বাংলায় দক্ষিণ বাংলা

ভিন রাজ্যে বেআইনি রক্ত পাচার: কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের

By Eaibanglai - August 03, 2026
— Advertisement —
Advertisement
ভিন রাজ্যে বেআইনি রক্ত পাচার: কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের

এই বাংলায় ওয়েব ডেস্ক,কলকাতাঃ- স্বাস্থ্য ভবনকে না জানিয়ে ভিন রাজ্যে বেআইনিভাবে রক্ত ও প্লাজমা বিক্রির চক্রের বিরুদ্ধে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই দুর্নীতির জেরে রাজ্যের ১১টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের রক্তদান শিবির আয়োজনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১ আগস্ট ২০২৬ থেকে এই কড়া নির্দেশিকা কার্যকর করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।

দীর্ঘদিন ধরেই রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের কাছে তথ্য গোপন করে রক্ত ও প্লাজমা ভিন রাজ্যে পাচার করার অভিযোগ উঠছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে বিপুল পরিমাণ নথিমুক্ত রক্ত ও প্লাজমা বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্রের বেসরকারি ব্লাড ব্যাঙ্কে চড়া দামে বিক্রি করা হয়েছে। জাতীয় রক্ত নীতি অনুযায়ী রক্ত কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, নিয়মের তোয়াক্কা না করেই চলছিল এই কোটি টাকার কালোবাজারি। শুধুমাত্র কলকাতার বেলেঘাটার একটি ব্লাড ব্যাঙ্ক থেকেই প্রায় ১ কোটি টাকারও বেশি মূল্যের প্লাজমা অবৈধভাবে বিক্রি করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দপ্তর কলকাতা, হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানিগঞ্জ এবং রায়গঞ্জের একাধিক ব্লাড ব্যাঙ্কে আকস্মিক হানা দিয়ে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করে। এর আগেই গত ২৫ জুলাই দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরের একটি ব্লাড ব্যাঙ্ককে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল।

নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অভিযুক্ত ১১টি ব্লাড ব্যাঙ্ক কোনো রক্তদান শিবির বা ক্যাম্প আয়োজন করতে পারবে না। রাজ্যের ভেতরে বা বাইরে বড় পরিমাণের রক্ত পাঠাতে হলে এখন থেকে স্বাস্থ্য ভবনের আগাম লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ব্লাড ব্যাঙ্কগুলি কেবল সরকার নির্ধারিত প্রসেসিং ফি নিতে পারবে, কোনো বাণিজ্যিক লেনদেন করা যাবে না।

তবে এই কড়া পদক্ষেপের মাঝেও যাতে সাধারণ রোগীদের রক্তের সংকট না হয়, তার জন্য একটি বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। তদন্ত চলাকালীন সাধারণ মানুষ এই ব্লাড ব্যাঙ্কগুলিতে গিয়ে সরাসরি রক্ত দিতে  পারবেন। সম্পূর্ণ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে স্বাস্থ্য ভবন।


 

 

 

 

 

 

 

 

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement