সংবাদদাতা,জামুড়িয়াঃ- “তোলাবাজি একদম বরদাস্ত নয়”- রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানের এই কড়া বার্তার ফেনা এখনো মোছেনি, তার মাঝেই ফের ‘দাদাগিরি’র গরম ট্রেলার দেখল জামুড়িয়া। মদনতোড় পঞ্চায়েত সংলগ্ন রাস্তায় রাতদুপুরে বৈধ বালি বোঝাই ট্রাক আটকে টাকা আদায়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় এলাকা।
ভিডিওতে মহামান্য ‘তোলা সংগ্রাহক’কে অত্যন্ত সাহসের সঙ্গে দাবি করতে শোনা যাচ্ছে- পঞ্চায়েতের নাকি ‘কিছুই নেই’, তাই এই মহৎ উদ্দেশ্যে পকেটে টান মারছেন! কিন্তু তিনি কে? পঞ্চায়েতের কোনো স্বঘোষিত প্রতিনিধি, পার্টির প্রভাবশালী কর্মী, নাকি নেহাতই পাড়ার দরদী ‘দাদা’?
সবচেয়ে তাজ্জব বিষয়, ওই ব্যক্তি নির্বিকার মুখে দাবি করেছেন, স্থানীয় থানাকে ‘জানিয়েই’ এই সেবা কার্য চলছে! প্রশ্ন উঠছে, তাহলে কি বালি ব্যবসায়ীদের পকেট কেটে ভাঁড়ার ভরার বিশেষ ছাড়পত্র দিয়েছে স্থানীয় প্রশাসন?
বর্ষার মরসুমে এমনিতেই বালির আকাল। সরকারি নিয়ম মেনে ব্যবসায়ীরা বালি জমিয়ে রাখলেও, যদি এমন রাজকীয় দাদাগিরি সইতে হয়, তবে ব্যবসা করার অপরাধে তাঁরা কোথায় যাবেন? উত্তরের অপেক্ষায় সাধারণ মানুষ!