সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রয়াত সাংসদ বিকাশ চৌধুরীর ২২তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরকে কেন্দ্র করে শনিবার তীব্র চাঞ্চল্য ছড়াল।
ঘটনার সূত্রে জানা গেছে, শিবির উপলক্ষ্যে তৈরি মঞ্চ থেকে যখন সিপিএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই বিজেপির স্থানীয় মণ্ডল ও যুব মোর্চার নেতৃত্ব সহ কয়েকজন কর্মী সেখানে পৌঁছান। অভিযোগ, মঞ্চ থেকেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিজেপি কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়।
সিপিএম সমর্থকদের অভিযোগ, বিজেপির কর্মীরা অনুষ্ঠান ঘিরে আপত্তিকর মন্তব্য করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে এবং রক্তদান শিবিরটি সচল রাখে। ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছে সিপিএম।
মীনাক্ষী মুখোপাধ্যায় বিজেপির এই আচরণের তীব্র সমালোচনা করে একে দমন-পীড়নের রাজনীতি বলে কটাক্ষ করেন। অন্যদিকে, বিজেপির মণ্ডল সভাপতি সঞ্জয় সিং অভিযোগ অস্বীকার করে জানান, রক্তদান শিবিরের মঞ্চ থেকে দলীয় অপপ্রচার চালানো হচ্ছিল বলেই স্থানীয় বিজেপি নেতৃত্ব কেবল তার প্রতিবাদ করেছিলেন, কোনো গোলমাল করতে যায়নি।