নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে এবং যানজট মুক্ত করতে বড়সড় অভিযানে নামল পুলিশ ও পরিবহন দপ্তর। সোমবার দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ড এবং মোটর ভেহিকেলস ইন্সপেক্টরের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান চালানো হয়। জাতীয় সড়কে নিয়ম বহির্ভূতভাবে গাড়ি চালানো এবং বৈধ নথিপত্র না থাকার অপরাধে একাধিক অটো ও টোটো চালককে মোটা টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ ভটভটি ও ভ্যানো গাড়ির বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।
পুলিশ ও পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কে অবৈধভাবে টোটো, অটো এবং বিপজ্জনক ভটভটি চলাচলের জেরে ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল। সুপ্রিম কোর্ট ও রাজ্য সরকারের কড়া নির্দেশিকা থাকা সত্ত্বেও কিছু চালক জাতীয় সড়কে গাড়ি নিয়ে উঠছিলেন। এদিন মুচিপাড়া সংলগ্ন জাতীয় সড়কে আচমকাই নাকা চেকিং শুরু করেন ট্রাফিক পুলিশ ও এমভিআই আধিকারিকরা।
অভিযান চলাকালীন লাইসেন্স, রুট পারমিট ও প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হয়। সঠিক কাগজপত্র না থাকা এবং জাতীয় সড়কে বেআইনিভাবে গাড়ি চালানোর অপরাধে বহু গাড়ির চালককে স্পট ফাইন বা জরিমানা করা হয়। সেই সঙ্গে বেশ কিছু নিয়মভঙ্গকারী গাড়িও আটক করা হয়েছে।
ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, জাতীয় সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। গতি নিয়ন্ত্রণ এবং বেআইনি যান চলাচল বন্ধ করতে আগামী দিনগুলিতেও এই ধরনের আকস্মিক ও কঠোর যৌথ অভিযান লাগাতার চালানো হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে।