নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- দীর্ঘ প্রায় ১৯ বছরের নির্বাসন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতায় পা রাখলেন বাংলাদেশের বিতর্কিত তথা খ্যাতনামা লেখিকা তসলিমা নাসরিন। গত শুক্রবার দুপুরে তিনি দিল্লির বিমান ধরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। মূলত ‘সেক্যুলার মিশন’, ‘পশ্চিমবঙ্গের জন্য’ এবং ‘হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার্স’-এর মতো প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ সংগঠনগুলির যৌথ আমন্ত্রণে মৌলবাদবিরোধী একটি সাহিত্যিক ও সাংস্কৃতিক সম্মেলনে যোগ দিতেই তাঁর এই কলকাতা সফর।
গতকাল বিমানবন্দরে নামার পর লাল পেড়ে সাদা শাড়িতে সজ্জিত লেখিকাকে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে ঐতিহ্যবাহী বাঙালি রীতিতে অভ্যর্থনা জানানো হয়। লেখিকাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সেক্যুলার মিশনের ওসমান মল্লিক, ‘পশ্চিমবঙ্গের জন্য’-এর মোহিত রায়, এনসিপি-র নেত্রী শিউলি সাহা এবং তসলিমার অনুরাগীদের একাংশ। তাঁর আগমনকে ঘিরে বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নিরাপত্তা বলয়ের মধ্যেই তাঁকে বিমানবন্দর থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
বহু বছর পর প্রিয় শহরে ফিরতে পেরে আবেগপ্রবণ তসলিমা নাসরিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “কলকাতায় ফিরে আমি ভীষণ আনন্দিত। সবাইকে ধন্যবাদ।” তিনি এই সফরকে তাঁর একটি “ব্যক্তিগত প্রত্যাবর্তন” হিসেবে অভিহিত করেছেন।
লেখিকার এই সফরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার এই অনুষ্ঠানকে বাকস্বাধীনতার জয় হিসেবে তুলে ধরছে। গতকাল বিমানবন্দরে লেখিকাকে স্বাগত জানাতে বিজেপির বিধায়ক সৌরভ সিকদারসহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।
অন্যদিকে দুই দিনের একাধিক কর্মসূচিতে লেখিকার উপস্থিতিকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে সাহিত্য ও সংস্কৃতি মহলেও।