সংবাদদাতা,আসানসোলঃ- গত সোমবারের লাগাতার ভারী বর্ষণে প্লাবনের জেরে আসানসোলের কুলটিতে স্কুটি সহ জলের তোড়ে ভেসে যাওয়া যুবকের দেহ উদ্ধার হল বুধবার। মৃত যুবকের নাম আমির গিয়াস। তিনি কুলটি থানার সীতারামপুর এলাকার বাসিন্দা ছিলেন।
গত ১৭ আগস্ট (সোমবার) রাতে নিজের কর্মক্ষেত্র থেকে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন আমির। ওই দিন নিম্নচাপের জেরে সারাদিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় কারণে ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে সীতারামপুর যাওয়ার সংযোগকারী রাস্তায় জহরগড় ব্রিজের উপর দিয়ে প্রবল স্রোতে জল বইতে শুরু করে। তা উপেক্ষা করেই ওই ব্রিজ পারাপারের সময় স্কুটি সহ জলের তোড়ে ভেসে যান আমির। ওই ঘটনার আগেই আরও একটি চারচাকা গাড়িও জলের তোড়ে ভেসে যায়, যদিও চালক বরাত জোরে বেঁচে যান।
পরদিন সকাল থেকে কুলটি থানার পুলিশ এবং ওই যুবকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি অভিযানে নামে বিপর্যয় মোকাবিলা দল। কিন্তু মঙ্গলবার দিনভর তল্লাশি চালিয়েও যুবকের খোঁজ মেলেনি। অবশেষে বুধবার সকালে নদী তীরবর্তী এলাকা থেকে ওই যুবকের নিথর দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
তবে যুবকের দেহ উদ্ধার হলেও, দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা স্কুটিটি এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। তীব্র স্রোতে সেটি নদীগর্ভে তলিয়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে।