সংবাদদাতা,আসানসোলঃ- ন্যূনতম ২৬ হাজার টাকা কেন্দ্রীয় বেতন চালুর দাবিতে কুলটি ইস্কো কারখানার ঠিকাশ্রমিকদের আন্দোলন দ্বিতীয় দিনেও অব্যাহত রইল। বুধবার সকাল থেকে কারখানার প্রধান গেটের সামনে অবস্থান বিক্ষোভ এবং রাস্তা অবরোধ করে জোরদার আন্দোলনে শামিল হন প্রায় ৫৫০ জন ঠিকাশ্রমিক। এই আন্দোলনের জেরে কারখানার প্রধান গেট সংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।
এর আগে, আন্দোলনের প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার কারখানার ভেতরে অবস্থান ও বিক্ষোভ দেখিয়েছিলেন শ্রমিকরা। তবে কর্তৃপক্ষের কাছ থেকে সদর্থক সাড়া না মেলায় বুধবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানো হয়। শ্রমিকদের মূল দাবি, ২০১৫ সালের ২১শে নভেম্বর থেকে নতুন লেবার কোড কার্যকর হলেও কুলটি কারখানায় কর্মরত প্রায় ৫৫০ জন ঠিকাশ্রমিক এখনও কেন্দ্রীয় বেতনের (২৬ হাজার টাকা) সুবিধা থেকে বঞ্চিত।
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, কারখানার উৎপাদন সচল রাখতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাঁরা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন। তা সত্ত্বেও তাঁদের ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না। লেবার কোড কার্যকর হওয়ার পর তাঁরা আশা করেছিলেন যে কেন্দ্রীয় বেতন চালু হবে। কিন্তু বাস্তবায়নের মুখ দেখেনি সেই আশা। তাঁদের আরও অভিযোগ, 'স্টিল অথরিটি অফ ইন্ডিয়া' কর্তৃপক্ষের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে 'শীঘ্রই কেন্দ্রীয় বেতন চালু করা হবে' বলে আশ্বাস দেওয়া হলেও, এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
আন্দোলনকারী শ্রমিকরা স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র ফাঁকা আশ্বাসে আর কাজ হবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য জারি থাকবে।
অন্যদিকে এই শ্রমিক অসন্তোষের জেরে কারখানার উৎপাদনে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।