নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- মণ্ডপে আলোর ঝলকানি বা থিমের চমক থাকুক, কিন্তু সেই আলো যেন কোনোভাবেই আকাশপথে পৌঁছাতে না পারে। আসন্ন দুর্গাপুজো উৎসবকে কেন্দ্র করে মণ্ডপগুলিতে লেজার শোয়ের আয়োজন নিয়ে এবার আগেভাগেই কড়া ও সতর্ক অবস্থান নিল প্রশাসন। সেনা ও যাত্রীবাহী বিমান চলাচলের নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিম বর্ধমানের কাঁকসার সমস্ত পুজো কমিটিকে লেজার শো না করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে । প্রশাসনের আশঙ্কা, আকাশের দিকে তাক করে থাকা অত্যন্ত শক্তিশালী লেজার রশ্মি উড়ন্ত বিমানের চালকদের দৃষ্টিতে মারাত্মক বিঘ্ন ঘটাতে পারে তাই উৎসবের মরশুমে বিমান সুরক্ষায় কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
প্রশাসনিক সূত্রে খবর, কাঁকসার পানাগড়ে রয়েছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় বায়ুসেনা ছাউনি। এর পাশাপাশি দুর্গাপুরে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। ফলে পানাগড় ও সংলগ্ন আকাশপথ দিয়ে নিয়মিত যাত্রীবাহী বিমানও যাতায়াত করে । দুর্গাপুজোর দিনগুলিতে মণ্ডপগুলির তীব্র আলো বা আকাশে ছড়িয়ে পড়া লেজার শোয়ের কারণে যাতে পাইলটদের দৃশ্যমানতায় কোনো সমস্যা তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা
ইতিমধ্যেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন এলাকায়। বড় বাজেটের থিমের মণ্ডপের পাশাপাশি চোখধাঁধানো আলোকসজ্জা উৎসবের অন্যতম মূল আকর্ষণ, যার মধ্যে লেজার শো দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় । তবে পানাগড়ের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ আকাশসীমার ক্ষেত্রে এই আলোর ব্যবহার বিপজ্জনক হতে পারে বলে মনে করছে ব্লক প্রশাসন এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট । এই সুরক্ষার বিষয়টি পুজো উদ্যোক্তাদের সামনে রেখে বুধবার কাঁকসায় পুজো কমিটিগুলিকে নিয়ে একটি জরুরি সমন্বয় বৈঠক সম্পন্ন হয় ।