এই বাংলায় দক্ষিণ বাংলা

নন্দীগ্রামের ‘পা ভাঙা’ বিতর্কে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী

By Eaibanglai - October 04, 2026
— Advertisement —
Advertisement
নন্দীগ্রামের ‘পা ভাঙা’ বিতর্কে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ-  নন্দীগ্রামের সেই পা। পাঁচ বছর পর ফের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ২০২১-এর সেই বিতর্কিত ঘটনা। ভোটের মুখে পুরনো ক্ষত উসকে দিয়ে শনিবার বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাতে এ বার চিকিৎসা-সংক্রান্ত নথি। দাবি— ২০২১ সালের ১১ মার্চ বঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-এর রেডিওলজি রিপোর্টে কোথাও পায়ের হাড় ভাঙার প্রমাণ নেই। রিপোর্টে বরং লেখা রয়েছে, “No evidence of fracture or dislocation”। আর এই নথিকেই সামনে রেখে শুভেন্দুর প্রশ্ন— তা হলে ২০২১-এর নির্বাচনী প্রচারে নন্দীগ্রামের ঘটনাকে ঘিরে যে তীব্র রাজনৈতিক ঝড় উঠেছিল, তার ভিত্তি কী ছিল?

শুধু প্রশ্ন তুলেই থামেননি মুখ্যমন্ত্রী। নির্বাচনী বিধিনিষেধ শেষ হলেই এই ঘটনাকে ঘিরে ‘মিথ্যা প্রচার’-এর অভিযোগে নতুন করে তদন্তের ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘এ নিয়ে এখন আর বেশি কিছু বলব না। বিষয়টি সিআইডি তদন্ত করছে। নির্বাচনী বিধিনিষেধ উঠে গেলে এই মিথ্যা প্রচারের বিষয়েও নতুন করে তদন্ত হবে। ৯ তারিখের পর বিস্তারিত জানাব।’’


অর্থাৎ ভোট শেষ হলেই ফের খুলতে পারে পাঁচ বছর আগের সেই ফাইল। ২০২১-এর নন্দীগ্রাম-কাণ্ড নিয়ে এত দিন যে রাজনৈতিক তরজা ছিল, শুভেন্দুর শনিবারের বক্তব্যে তা নতুন মাত্রা পেল। কারণ, এ বার তিনি শুধুমাত্র রাজনৈতিক অভিযোগের উপর দাঁড়াননি—চিকিৎসা-রিপোর্টের একটি নির্দিষ্ট বক্তব্য সামনে এনেছেন বলেই দাবি তাঁর। ‘নন্দীগ্রামের মানুষকে বদনাম করা হয়েছিল’

হিন্দিতে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরও এক ধাপ এগিয়ে যান শুভেন্দু। তাঁর দাবি, ২০২১-এর ঘটনাকে জাতীয় স্তরে বড় ইস্যু করা হয়েছিল। নন্দীগ্রামের মানুষকেও বদনাম করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, চিকিৎসা-সংক্রান্ত রিপোর্টে যা রয়েছে, তা সামনে রেখে গোটা ঘটনাকে নতুন করে খতিয়ে দেখা প্রয়োজন।

সাংবাদিকদের প্রশ্ন আরও সরাসরি ছিল। প্রশ্ন ওঠে— তা হলে কি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করেছিলেন? এই প্রশ্নে অবশ্য সরাসরি কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। বরং ফের ৯ তারিখের পরের দিকে ইঙ্গিত করেন। তাঁর বক্তব্য, ‘‘এখন বেশি কিছু বলব না। গতকাল যা বলেছিলাম, তার সমর্থনে একটি প্রমাণ দেখালাম। বাকি ৯ তারিখের পর জানাব।’’

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে আহত হওয়ার দাবি করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পায়ে চোট লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনা নির্বাচনী প্রচারের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছিল। পরে ঘটনাটি নিয়ে রাজনৈতিক অভিযোগ-পাল্টা অভিযোগও কম হয়নি।

এ বার পাঁচ বছর পর সেই পুরনো ঘটনাই ফের সামনে। তবে সময়টা তাৎপর্যপূর্ণ—ভোটের আবহেই চিকিৎসা-রিপোর্ট সামনে রেখে শুভেন্দুর এই আক্রমণ। তাঁর দাবি, নথি এক কথা বলছে, অথচ সেই সময়ের রাজনৈতিক প্রচারে অন্য ছবি তুলে ধরা হয়েছিল।

ভোটের উত্তাপে পাঁচ বছর আগের সেই ‘পা ভাঙা’ বিতর্ক যে ফের রাজনীতির ময়দানে বড় অস্ত্র হয়ে উঠেছে, শনিবারের সাংবাদিক বৈঠকের পর তা আর বলার অপেক্ষা রাখে না।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement