সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমান জেলার চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হলো। সোমবার দুর্গাপুরের বিধাননগরে এস কে এস গ্রুপের উদ্যোগে একটি অত্যাধুনিক নতুন বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন হল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে অন্যতম হলেন কেন্দ্র ও রাজ্যের বিজেপির পর্যবেক্ষক সুনীল বংশাল, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারাদওয়াত মুখোপাধ্যায় এবং শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব, জেলাশাসক, মহকুমা শাসক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এস কে এস গ্রুপের কর্ণধার এস কে শর্মার উপস্থিতিতে এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা।
উদ্যোক্তাদের আশা, নতুন এই মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুর ফলে দুর্গাপুর তথা সমগ্র পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য পরিকাঠামোয় এক বড়সড় পরিবর্তন আসবে। এলাকার মানুষকে উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি, আগামী দিনে যোগ্য চিকিৎসক তৈরির ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের মেডিকেল শিক্ষা, আধুনিক হাসপাতাল পরিষেবা এবং আগামী দিনের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত রূপরেখা পেশ করা হয়। উপস্থিত অতিথি ও বিশিষ্টজনেরা এই নতুন চিকিৎসা প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।