সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মঙ্গলবার সাতসকালে পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় একটি তিনতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বহুতলটির একতলায় অবস্থিত একটি ইলেকট্রিক (ইভি) স্কুটির শোরুমে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে শোরুমের ভেতরে থাকা বেশিরভাগ নতুন ইলেকট্রিক স্কুটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ওই তিনতলা ভবনের একতলার শোরুম থেকে প্রথম আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নিয়ে পুরো ভবনে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। ঘটনার তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। বহুতলটির দোতলায় ছোট বাচ্চাদের একটি স্কুল এবং তিনতলায় আবাসিকদের আবাসন রয়েছে। এদিন ভোরে এই অবাসনের বাসিন্দারাই প্রথম শোরুমের ভিতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন। দ্রুত খবর দেওয়া হয় দমকলে।
দমকলের দুটি ইঞ্জিনের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই শোরুমে থাকা বিপুল সংখ্যক ইভি স্কুটার পুড়ে ভস্মীভূত হয়ে যায়। শোরুম কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে প্রাথমিক তদন্তের পর দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে। ঘটনার সঠিক বিবরণ ও নিরাপত্তার গাফিলতি খতিয়ে দেখতে শোরুম কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে যৌথ তদন্ত শুরু করা হয়েছে।