সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মঙ্গলবার রাতভর মুষলধারে বৃষ্টির জেরে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার হরিপুরার ৭/৯ পিটের পুরনো চাণক্যের নিকটবর্তী মণ্ডলপাড়া এলাকায় এক ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। বুধবার সকালে ধসের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। টানা বৃষ্টির জেরে আগামী দিনে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে এক মহিলা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই তাঁর চোখের সামনে ধস নামে। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান। এই ঘটনাকে কেন্দ্র করে ইসিএল আবাসন ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে নিরাপত্তা নিয়ে ক্ষোভ ও ভয় তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে এলাকায় যান বিজেপি নেতা রবীন্দ্র যাদব। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি ইসিএল কর্তৃপক্ষ ও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেন। রবীন্দ্র যাদব জানান, "২০১৮ সালেও এই এলাকায় একটি বড়সড় অগ্নিসংযোগ ও ধসের ঘটনা ঘটেছিল। সেই সময় ইসিএল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এলাকার সার্বিক নিরাপত্তার বিষয়ে বড় বড় আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তব চিত্র বলছে, আজ পর্যন্ত নিরাপত্তার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।" তিনি আরও যোগ করেন, আজ যেভাবে এক মহিলা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তাতে স্পষ্ট যে যেকোনো মুহূর্তে এখানে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই এলাকা পরিদর্শন করে দ্রুত স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি।
এদিকে কয়লা খনি অঞ্চলের এই ধসপ্রবণ এলাকায় যেভাবে রাতভর বৃষ্টির পর মাটি বসে গেছে, তাতে বর্ষার মরসুমে বাকি দিনগুলো কীভাবে কাটবে, তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন মণ্ডলপাড়ার বাসিন্দারা।