সংবাদদাতা,পূর্ব বর্ধমানঃ- লাগাতার নিম্নচাপ ও টানা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিন কাটছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের সবজি চাষিদের। ব্লকের ফলেয়া, সাজিয়াড়া, সিমলা সহ বিস্তীর্ণ এলাকার সবজি জমিগুলি এখন জলের তলায়। গত পরশুদিন থেকে শুরু হওয়া এই অবিরাম বৃষ্টির জেরে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লঙ্কা ও উচ্ছের মতো আনাজ চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় চাষিরা জানিয়েছেন, বহু জমিতে ইতিমধ্যেই ফুলকপি নষ্ট হতে শুরু করেছে। জলনিকাশি ব্যবস্থার আগাম প্রস্তুতি রাখা সত্ত্বেও বৃষ্টির দাপট এতটাই বেশি যে জমি থেকে জল নামানো যাচ্ছে না। ফলে মূল পচে যাওয়ার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে কৃষকদের।
প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি চাষিদের ক্ষোভ বাড়ছে সারের আকাশছোঁয়া দাম নিয়েও। তাঁদের অভিযোগ, বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। একদিকে প্রকৃতির মার, অন্যদিকে সারের এই লাগামছাড়া কালোবাজারি— দুইয়ের জাঁতাকলে পড়ে তাঁরা সম্পূর্ণ দেউলিয়া হওয়ার মুখে। এই পরিস্থিতিতে ফসলের ক্ষয়ক্ষতি সামাল দিতে এবং সারের দাম নিয়ন্ত্রণে অবিলম্বে সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পূর্বস্থলীর বিপর্যস্ত কৃষকরা।