সংবাদদাতা,আসানসোলঃ- রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশের তৎপরতায় ভেস্তে গেল একটি বড়সড় ডাকাতির চেষ্টা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র ও একটি ওমনি গাড়ি সহ হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দলের বাকি দুই সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি মারুতি ওমনি গাড়ি চড়ে ৬ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল রানিগঞ্জের শিল্পাঞ্চল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল গভীর রাতে এলাকায় একটি বড়সড় ডাকাতি সংগঠিত করা। গোপন সূত্রে এই খবর আসতেই পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি নজমুল হুড়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত অভিযানে নামে। পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে চার দুষ্কৃতীকে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শটার পাইপ গান,তাজা কার্তুজ, একাধিক ধারালো অস্ত্র।
পুলিশ জানিয়েছে, ধৃত চার দুষ্কৃতীর নাম মো. আলাউদ্দিন ওরফে লাদেন (২৩), সেখ আজহারউদ্দিন (৩০), সেখ হোসেন (১৯) এবং তাজ খান (১৯)। ধৃতরা প্রত্যেকেই বীরভূম জেলার বাসিন্দা। এই দুষ্কৃতী চক্রের সঙ্গে বড় কোন চক্রের যোগ রয়েছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পালতক দুই দুষ্কৃতীর খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।