সংবাদদাতা,সালানপুরঃ- দীর্ঘদিনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত বি২ সেক্টর-৩ এলাকার হিন্দুস্তান কেবলসের কোয়ার্টারে অশান্তি সৃষ্টির অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দাদের প্রায় ৪০ বছরের শান্ত জীবনযাত্রা বিগত মাসখানেক ধরে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয়ই কিছু ব্যক্তি এবং বাইরে থেকে নিয়ে আসা বহিরাগত দুষ্কৃতীদের যৌথ তাণ্ডবে কোয়ার্টার চত্বর উত্তপ্ত হয়ে উঠেছে। গোলমাল এখন হাতাহাতি ও মারামারির পর্যায়ে পৌঁছানোয় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
পরিবেশ স্বাভাবিক রাখতে এবং দোষী স্থানীয় ব্যক্তি ও বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন আতঙ্কিত এলাকাবাসী। নিরীহ মানুষের শান্তিতে বেঁচে থাকার অধিকার রক্ষায় এখন পুলিশ প্রশাসন কী কড়া পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্র রূপনারায়ণপুরবাসী।