এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

চিনির অবৈধ মজুতদারি রুখতে কড়া কেন্দ্র: রাজ্যকে বিশেষ নজরদারির নির্দেশ

By Eaibanglai - August 25, 2026
— Advertisement —
Advertisement
চিনির অবৈধ মজুতদারি রুখতে কড়া কেন্দ্র: রাজ্যকে বিশেষ নজরদারির নির্দেশ

সংবাদদাতা,কলকাতাঃ- উৎসবের মরসুমের আগে বাজারে চিনির কৃত্রিম সঙ্কট ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ করল কেন্দ্র। চিনির অবৈধ মজুতদারি রুখতে রাজ্যের মুখ্যসচিবকে বিশেষ চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। আগামী ১লা সেপ্টেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে চিনির স্টক ও সরবরাহের ওপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে বাজারে তল্লাশি অভিযান চালাবে বলেও ওই চিঠিতে স্পষ্ট করা হয়েছে।

কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি সুরেশ কুমার নায়েকের পাঠানো ওই চিঠিতে বড় ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির জন্য চিনির মজুতদারির ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, কনফেকশনারি, সফট ড্রিঙ্কস প্রস্তুতকারক, বড় মিষ্টির দোকান এবং খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থার মতো যেসব ব্যবসায়িক ক্ষেত্রে বেশি পরিমাণ চিনির প্রয়োজন হয়, তারা একটানা ১৫ দিনের বেশি ১০ মেট্রিক টনের বেশি চিনি নিজেদের কাছে মজুত রাখতে পারবেন না।

উৎসবের মরসুমে চিনির কালোবাজারি রুখতে এই নিয়ম অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, এই নিয়ম লঙ্ঘন করলে অপরাধীদের ন্যূনতম তিন মাসের কারাদণ্ড এবং মোটা টাকা আর্থিক জরিমানার মুখে পড়তে হবে।

বাজারের রাশ নিজেদের হাতে রাখতে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সরাসরি মাঠে নেমে বিভিন্ন গুদাম ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্টক পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। সামনেই দুর্গাপুজো, দীপাবলি-সহ একাধিক বড় উৎসব থাকায় বাজারে চিনির চাহিদা তুঙ্গে থাকবে। এই সময়ে যাতে কোনও অসাধু ব্যবসায়ী চিনির কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়াতে না পারে, তার জন্যই কেন্দ্রের এই আগাম তৎপরতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement