সংবাদদাতা, কুলটিঃ- পবিত্র শ্রাবণ মাসের পবিত্র হাওয়ায় ভক্তির জোয়ারে ভাসছে শিল্পাঞ্চল। চিনাকুড়ি রামঘাট থেকে জল তুলে নিয়ামতপুর হয়ে বাবা চন্দ্রচূড় মন্দিরে জলাভিষেক করতে নামছেন হাজার হাজার শিবভক্ত। কিন্তু এই পুণ্যযাত্রার পথে আসানসোল পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের বিদাইগড় শ্মশান কালী মন্দির সংলগ্ন ৩০ ফুট চওড়া জলনিকাশি চ্যানেলটি যেন এক মারণ ফাঁদ! ঝুঁকিপূর্ণ অস্থায়ী পাটাতন পেরিয়ে যাতায়াত করতে গিয়ে প্রাণ হাতে নিয়ে হাঁটছেন পুণ্যার্থীরা।
গত দুই সপ্তাহে বিজেপির জেলা সাধারণ সম্পাদক কেশব পোদ্দারের তত্ত্বাবধানে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় প্রায় দশ হাজার ভক্তের যাতায়াতের অস্থায়ী ব্যবস্থা করা হয়েছিল। তবে এই ক্ষণস্থায়ী পদক্ষেপে বিপদের আশঙ্কা কাটেনি।
তাই আগামী রবি ও সোমবারের বিশাল জনস্রোতের কথা মাথায় রেখে, কুলটির বিধায়কের প্রতিনিধি সন্তোষ কুমার বর্মা (টিঙ্কু বর্মা) পুরনিগম কমিশনারের কাছে কড়া ভাষায় লিখিত আবেদন জানিয়েছেন। হাইড্রা বা জেসিবি দিয়ে পাইপ বসিয়ে দ্রুত একটি স্থায়ী বা মজবুত অস্থায়ী পদচারী সেতু নির্মাণের দাবি উঠেছে, যাতে ভক্তদের রক্তিম ভক্তি রক্তে না ভেজে!