নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- "রাজ্যের অবস্থা আফ্রিকার দেশগুলোর চেয়েও খারাপ! এটা রাক্ষসরাজ। রাক্ষস! কালনেমিরা এখানে বসে রয়েছে।" সোমবার দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠক করে রাজ্যের সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই একরাশ ক্ষোভ উগড়ে দিলেন দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ।
এদিন বিভিন্ন ইস্যুতে সরব হয়ে বাক্যবাণে রাজ্য তথা দেশের বিজেপি সরকারকে বিদ্ধ করেন দুর্গাপুরের তৃণমূল সাংসদ। সম্প্রতি রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়া ডিম কালচার নিয়ে তিনি বলেন, "স্কুলে ডিম দেওয়া বন্ধ করে দিল! কিন্তু লোককে ডিম মারছে। ডিম খাওয়ার জন্য, না মারার জন্য?" ডিম ছোড়ার ঘটনায় পাল্টা হুঁশিয়ারিও শোনা যায় সাংসদের গলায়। তিনি বলেন, " তৃণমূল কর্মীদেরকে ভয় দেখাচ্ছে রাজ্যের শাসক দল বিজেপি। আমরা ভয় পাওয়ার মতো লোক নই। আমরা ইন্ডিয়ার জন্য ক্রিকেট খেলেছি। ভারত মাতার আন, বান, শান, মান ও মর্যাদার জন্য ক্রিকেট খেলেছি। তবে আত্মরক্ষার অধিকার সবারই রয়েছে। আমরাও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি।"
একই সঙ্গে বিজেপি ও আরএসএসকে নিশানা করে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, "আফ্রিকার দেশগুলিতেও এমন অবস্থা নেই। সেখানে সমুদ্রে জলদস্যু ঘোরে, আর এখানে শহর, ঘর, গলি সর্বত্র জলদস্যু, ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে।”
এদিন নব্য তৃণমূল নিয়ও সরব হন তিনি। নব্য তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কটাক্ষ করে বলেন,"ঋতব্রত কী কী করেছেন, ফোনে কী কী করেছেন, সব প্রকাশ্যে আসবে। কার চাপের মুখে তিনি কী করেছেন, সেটাও আমরা জানি।"
অন্যদিকে তৃণমূলের প্রাক্তন নেতা বিধায়ক তথা মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু প্রসঙ্গ তুলেও বিজেপিকে একহাত নেন তিনি। সাংসদ দাবি করেন, আশিসবাবুকে বারবার দল ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, ভয় দেখানো ও হুমকি দেওয়া হচ্ছিল।
দলের ভবিষ্যৎ ও কর্মসূচি নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে এদিন সাংসদ জানান, সোমবার সন্ধ্যায় দলীয় নেতৃত্বের ক্লোজড ডোর মিটিং রয়েছে। সেখানে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুর্গাপুজোর পর থেকে দলের সমস্ত কর্মসূচি শুরু হবে বলেও জানান বিশ্বকাপ ট্রফি জয়ী ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন খেলোয়াড়।