সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- শিল্পাঞ্চল আসানসোলের রবীন্দ্রভবনে রাখী বন্ধন উৎসবকে কেন্দ্র করে এক অনন্য সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধন দেখা গেল। জাতি, ধর্ম ও লিঙ্গভেদের ঊর্ধ্বে উঠে এই উৎসবে শামিল হলেন বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের সদস্যরা। সমাজের মূল স্রোতের সঙ্গে তাঁদের এই একাত্মতা আরও একবার প্রমাণ করল আসানসোল সম্প্রীতির শহর।
রবীন্দ্রভবনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলম, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি এবং বারাবনির বিধায়ক অরিজিৎ রায়। অনুষ্ঠানে বৃহন্নলা সম্প্রদায়ের প্রতিনিধিরা পরম স্নেহে ও শ্রদ্ধায় জেলাশাসক এবং বিধায়কদের হাতে রাখী পরিয়ে দেন। প্রশাসনের শীর্ষকর্তা ও জনপ্রতিনিধিদের এই উৎসবের আঙিনায় পেয়ে আপ্লুত হন তাঁরাও।
এই আয়োজনের মূল লক্ষ্যই ছিল সমাজ থেকে লিঙ্গবৈষম্য দূর করা এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে এক সুতোয় বেঁধে ফেলা। জেলাশাসক এবং বিধায়করাও বৃহন্নলা সম্প্রদায়ের এই আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাঁদের অধিকার ও সুরক্ষার পাশে থাকার বার্তা দেন। প্রশাসনের এই ধরণের মানবিক দৃষ্টিভঙ্গি এবং বৃহন্নলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।