নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রস্তাবিত ‘ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প’ বিরুদ্ধে ফুঁসছে সংলগ্ন এলাকার আদিবাসী সমাজের মানুষজন। ‘জল, জঙ্গল, জমি আমাদের অধিকার’— এই মূল স্লোগানকে সামনে রেখে সোমবার মাইথনের কালীপাথর ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় তীব্র ক্ষোভ উগরে দিলেন ২২টি মৌজার ৪০টি গ্রামের কয়েকশো মানুষ।
‘দামোদর ভ্যালি বাস্তুহারা সংগ্রাম সমিতি’ এবং ‘ল মহল ও খেরওয়াল মহল’-এর যৌথ আহ্বানে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সোমবার দুপুর থেকেই দূর-দূরান্তের গ্রাম থেকে বাস্তুহারা পরিবার ও স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ দলে দলে কালীপাথর ময়দানে এসে সমবেত হতে শুরু করেন। মুহূর্তের মধ্যে গোটা চত্বর এক বিশাল প্রতিবাদী সমাবেশে পরিণত হয়।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী ও বাস্তুহারা আন্দোলনের নেতৃত্ব ক্ষোভের সঙ্গে জানান, অতীতে মাইথন ড্যাম নির্মাণের সময় হাজার হাজার পরিবারের জমি কেড়ে নিয়ে তাদের বাস্তুচ্যুত করা হয়েছিল। কিন্তু দশকের পর দশক কেটে গেলেও সেই সমস্ত পরিবার আজও উপযুক্ত পুনর্বাসন কিংবা স্থায়ী কর্মসংস্থান পায়নি। এখন আবার ড্যামের অবশিষ্ট জলভাগে এই বিশাল ভাসমান সৌর প্রকল্প বসিয়ে একদিকে যেমন জলজ বাস্তুতন্ত্র ধ্বংস করার চক্রান্ত চলছে, অন্যদিকে তেমনই স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষের বিকল্প জীবিকার শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি— "প্রাণ দেব, কিন্তু আমাদের জল, জঙ্গল ও জমির ওপর কোনও কর্পোরেট দখলদারি মেনে নেব না।"
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলি হলো, মাইথন ড্যামে প্রস্তাবিত ফ্লোটিং সোলার প্রজেক্ট অবিলম্বে সম্পূর্ণ বাতিল করতে হবে, জমিহারা ও বাস্তুহারা পরিবারগুলির দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলা, পুনর্বাসন এবং স্থায়ী কর্মসংস্থানের দাবির দ্রুত নিষ্পত্তি করতে হবে, জল, জঙ্গল ও জমির ওপর আদিবাসী এবং মূলবাসীদের প্রথাগত ও ঐতিহ্যবাহী অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে।
এদিনের এই মহতি জনসভায় প্রধান বক্তা ও আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন দামোদর ভ্যালি বাস্তুহারা সংগ্রাম সমিতির সভাপতি বাসুদেব মাহাতো এবং সমন্বয়ক সুরেশ সরেন। এছাড়াও মঞ্চে বক্তব্য রাখেন পরেশ মারান্ডি, রণজিত সরেন, আকবর আনসারি, বিপ্লব মারান্ডি, অজয় হেমব্রম, অশোক মুর্মু, সুজিত মারান্ডি, রোহিত মুর্মু, বংশী মারান্ডি এবং অমিত মুর্মু সহ অন্যান্য নেতৃত্ব।
সভা শেষে আন্দোলনকারীদের যৌথ মঞ্চের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ডিভিসি কর্তৃপক্ষ যদি অবিলম্বে এই বিতর্কিত প্রকল্প প্রত্যাহার না করে, তবে আগামী দিনে ড্যাম অচল করে আরও বৃহত্তর ও তীব্রতর গণ-আন্দোলন গড়ে তোলা হবে।