এই বাংলায় দক্ষিণ বাংলা

আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ: ডিম ছুঁড়ে তৃণমূল নেতাকে ঘিরে তুমুল বিক্ষোভ

By Eaibanglai - September 06, 2026
— Advertisement —
Advertisement
আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ: ডিম ছুঁড়ে তৃণমূল নেতাকে ঘিরে তুমুল বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- সরকারি পোর্টালে আবাস যোজনার নামের পাশে ‘সাকসেসফুল’ (সফল) লেখা দেখালেও, বাস্তবে মেলেনি মাথা গোঁজার পাকা ছাদ। এই চরম দুর্নীতির অভিযোগ তুলে এক তৃণমূল নেতাকে ঘিরে ধরে ডিম ছুঁড়ে তুমুল বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ মহিলারা। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত আনন্দপুর এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতার নাম বিশ্বজিৎ ওরফে বিশু মাঝি। আনন্দপুরের বাসিন্দা ও বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন আগে আবাস যোজনার পাকা বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে এলাকার দরিদ্র মানুষদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন সরকারি নথি সংগ্রহ করেছিলেন ওই শাসকদলের নেতা। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কেউ বাড়ি পাননি।

ক্ষোভের আগুন ঘৃতাহুতি পায় সম্প্রতি একটি ঘটনায়। আবাস যোজনার সরকারি পোর্টালে অনলাইনে উপভোক্তারা তাঁদের নামের তথ্য যাচাই করতে গিয়ে দেখেন, তালিকায় তাঁদের নামের পাশে স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখাচ্ছে। অর্থাৎ, সরকারি খাতায় তাঁদের বাড়ি তৈরির টাকা মঞ্জুর হয়ে গিয়েছে। এর পরেই এলাকাবাসী নিশ্চিত হন যে তাঁদের নামে আসা টাকা মাঝপথেই গায়েব করে দেওয়া হয়েছে।

এই জালিয়াতি সামনে আসতেই রবিবার সকালে ফেটে পড়েন এলাকার মহিলারা। বিশ্বজিৎ মাঝিকে এলাকায় দেখামাত্রই চারদিক থেকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। তীব্র বাদানুবাদের মাঝেই আচমকা ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোঁড়া হয়। এখানেই শেষ নয়, ক্ষুব্ধ মহিলারা তাঁকে জোড় করে এলাকায় ঘোরান বলেও অভিযোগ। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে কোনোমতে অভিযুক্ত তৃণমূল নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত আর্থিক দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বজিৎ মাঝি। তাঁর দাবি, "সেই সময় অনেকের নাম নথিভুক্ত হয়েছিল, যার কারণে পোর্টালে আইডি তৈরি হয়েছে। কিন্তু প্রশাসন কাকে বেছে বেছে ঘর দিয়েছে তা আমার জানা নেই। কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল আর কে সেই টাকা তুলেছে, তা তদন্ত করে দেখলেই পরিষ্কার হয়ে যাবে।"

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement