সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্য রাজনীতিতে নির্বাচনী প্রতিশ্রুতি বনাম বাস্তবায়নের টানাপোড়েন এবার রাজপথে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই 'অন্নপূর্ণা যোজনা' নিয়ে উপভোক্তাদের একাংশের ক্ষোভ ও বিক্ষোভ অব্যাহত। অনলাইন ও অফলাইনে আবেদন করার পরেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসায়, সোমবার আসানসোল মহকুমা শাসকেরঅফিসের সামনে পথ অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, ক্ষমতায় এলে পূর্বতন 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের সমস্ত প্রাপককে 'অন্নপূর্ণা যোজনা'-র আওতায় আনা হবে। পাশাপাশি ভাতার পরিমাণ বাড়িয়ে ১,৫০০ টাকা থেকে একলাফে ৩,০০০ টাকা করার আশ্বাস দেওয়া হয়েছিল।
ভোটের পর রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলেও, নতুন সরকারের বিরুদ্ধে শর্ত আরোপের অভিযোগ ওঠে। উপভোক্তাদের দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য সরকার এমন কিছু শর্ত যুক্ত করেছে, যার ফলে পূর্বতন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের একটি বড় অংশ এই নতুন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। লাগাতার প্রতিবাদের জেরে প্রশাসন কিছু শর্ত শিথিল করে প্রাপকের সংখ্যা বাড়ালেও, সাধারণ মানুষের ক্ষোভ কমেনি।
বিক্ষোভকারীদের অভিযোগ, একদিকে যেখানে যোগ্য ও প্রকৃত দুস্থ মহিলারা সরকারি শর্ত পূরণ করেও টাকা পাচ্ছেন না, অন্যদিকে যাদের পাকা বাড়ি বা গাড়ি রয়েছে, তারা অনায়াসে অন্নপূর্ণা যোজনার ভাতা পেয়ে যাচ্ছেন।
এই পুঞ্জীভূত ক্ষোভ আরও বাড়ে গত ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে, ঘোষণা অনুযায়ী উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা থাকলেও, বহু মহিলার অ্যাকাউন্টে কোনো অর্থ আসেনি। এর প্রতিবাদেই সোমবার আসানসোল পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডের মহিলারা সংগঠিত হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও পথ অবরোধে শামিল হন।
আন্দোলনকারী মহিলাদের সাফ দাবি— অবিলম্বে সমস্ত যোগ্য ও বঞ্চিত মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা প্রদান করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবারের এই অবরোধের জেরে বেশ কিছু সময় আসানসোলের প্রশাসনিক চত্বরের ট্রাফিক ব্যবস্থা ব্যাহত হয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।