সংবাদদাতা, আসানসোলঃ- একদিকে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে সাধারণ মহিলাদের ক্ষোভ, বিক্ষোভ ও পথ অবরোধের খবর সামনে আসছে, ঠিক তখনই এক উল্টো চিত্রের সাক্ষী থাকল জামুড়িয়া। প্রকল্পটির টাকা পেয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এলাকায় একটি বিশাল মিছিল বের করলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও মহিলারা।
এদিন জামুড়িয়া বিধানসভার অন্তর্গত চুরুলিয়া চৌধুরী পুকুর এলাকা থেকে এই ধন্যবাদ জ্ঞাপন মিছিলটি শুরু হয়। কয়েকশো মহিলার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি চুরুলিয়া হাটতলা পর্যন্ত পরিক্রমা করে। মিছিল শেষে চুরুলিয়া হাটতলায় একটি বিশেষ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, জেলা সম্পাদক রানা ব্যানার্জি, স্থানীয় মন্ডল সভাপতি পিনাকী রায় এবং বিজেপি নেতা তাপস রায় সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব। সভা থেকে একদিকে যেমন উপভোক্তাদের ধন্যবাদ জানানো হয়, তেমনই প্রকল্পের সুষ্ঠু বণ্টনের দাবিও উঠে আসে। সরকারি প্রকল্পের টাকা পেয়ে বিরোধী দলের এই ধন্যবাদ মিছিল ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বর্তমানে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।