নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী মজুতের অভিযোগ। বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল গ্রামবাসী। ঘটনাকে ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়াল কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের কাজলাডিহি এলাকায়।
অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এলাকায় প্রভাবশালী ছিলেন নরহরি মাজি। সেই প্রভাব খাটিয়েই তিনি সরকারি বিভিন্ন প্রকল্পের সামগ্রী আত্মসাৎ করেছেন। এদিন তার বাড়ি থেকে সরকারি প্রকল্পের সামগ্রী উদ্ধারও করেন স্থানীয়রা। এছাড়াও তৃণমূলের ওই নেতা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা করে কাটমানি নিয়েছেন বলেও অভিযোগ স্থানীয়দের।
বিজেপির বুথ সভাপতি বিজয় হাড়ি বলেন, “আবাস যোজনার ঘর পাওয়ার জন্য অনেকের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে। পাকা রাস্তা তৈরির জন্য বোর্ড বসানো হলেও আজও রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। সোলার লাইট বসানোর পরিকল্পনার কথা ঘোষণা করা হলেও এলাকায় তার কোনও বাস্তব চিত্র দেখা যায়নি। আজ সেই দুর্নীতির বিরুদ্ধেই মানুষ রাস্তায় নেমেছে।”
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে নরহরি মাজির স্ত্রী শংকরী মাজি দাবি করেন, এখন বিজেপি ক্ষমতায় এসেছে তাই তাদের ফাঁসানোর চেষ্টা চলছে। পরিকল্পিতভাবে বাড়ি ঘেরাও করে অশান্তি সৃষ্টি করা হচ্ছে।
অন্যদিকে স্থানীয়দের এই বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।











