সন্তোষ কুমার মণ্ডল, পূর্ব বর্ধমানঃ- আন্তর্জাতিক জঙ্গি যোগের খোঁজে মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের তিনটি রাজ্যে ম্যারাথন তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আল কায়দা মতাদর্শে চালিত বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’-র সঙ্গে যোগ থাকার অভিযোগে এ রাজ্য থেকে ৪ জনকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
ধৃতদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশগ্রামের একটি মসজিদের ইমাম পিয়ার মহম্মদ শেখ (মূল বাড়ি মন্তেশ্বরের কুলট গ্রামে)। বাকি তিন ধৃত হলেন বজবজের মিঠাপুকুরের বাসিন্দা জুম্মান শেখ, পার্শ্ববর্তী বলরামপুর গ্রামের শাহরুল পুরকায়েত এবং নরেন্দ্রপুরের কুসুম্বার বাসিন্দা আবদুল রফিক। মঙ্গলকোটের মতো শান্ত এলাকায় ভোরে কেন্দ্রীয় এজেন্সির হানা এবং মসজিদের ইমাম গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে অসম পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স অসমের বরপেটা, চিরাং এবং ত্রিপুরা থেকে এই নিষিদ্ধ সংগঠনের ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছিল। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোনের এনক্রিপ্টেড চ্যাট অ্যাপ খতিয়ে দেখে এবং ধৃতদের লাগাতার জেরা করেই এই রাজ্যের চারজনের নাম ও মোবাইল নম্বর হাতে পান এনআইএ-এর আধিকারিকেরা। ওই নিষিদ্ধ সংগঠনের নেটওয়ার্ক বিস্তার ও আর্থিক লেনদেনে ধৃতদের সরাসরি ভূমিকা ছিল বলে দাবি গোয়েন্দাদের।