eaibanglai
Homeএই বাংলায়বুক চিতিয়ে ডিমবৃষ্টির মোকাবিলার চেষ্টা ধৃত তৃণমূল যুব নেতার

বুক চিতিয়ে ডিমবৃষ্টির মোকাবিলার চেষ্টা ধৃত তৃণমূল যুব নেতার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্প্রতি পশ্চিম বঙ্গের রাজনীতিতে এক নতুন সংস্কৃতি শুরু হয়েছে ‘ডিম ছোঁড়া’ সংস্কৃতি। রাজ্যে ক্ষমতার পালা বদলের পর থেকেই রাজ্য জুড়ে সন্ত্রাস দুর্নীতি সহ নানা অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বিধায়ক থেকে নানা স্তরের নেতা কর্মীরা। আর তাদের লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে পচা ডিম। এই পচা ডিমের হাত থেকে রক্ষা পাননি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক থেকে তৃণমূলের তাবড় তাবড় নেতারা। বেশিরভাগ ক্ষেত্রেই ডিমের হাত থেকে বাঁচতে চেষ্টা করেন আক্রান্তরা। কিন্তু শনিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে দেখা গেল অন্য চিত্র। এদিন পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর অঞ্চলের ধৃত যুব তৃণমূল সভাপতি শেখ আলাউদ্দিনকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা না করে বরং বুক চিতিয়ে ডিম বৃষ্টি মোকাবিলার চেষ্টা করলেন। যদিও পুলিশ তড়িঘড়ি তাকে সরিয়ে নিয়ে গিয়ে পুলিশ ভ্যানে তোলে।

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা, তোলাবাজি, সন্ত্রাস এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তৃণমূলের এই যুব নেতার বিরুদ্ধে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেও বিজেপি কর্মীদের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল তার নামে । তার নামে অভিযোগ দায়ের হলেও বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে পলাতক ছিলেন তিনি। শুক্রবার বীরভূম জেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । শনিবার সকালে তাকে পাণ্ডবেশ্বর থানা থেকে বের করে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে জমায়েত থেকে তাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুঁড়তে থাকে ও “চোর চোর” স্লোগান দিতে থাকে।

এদিকে রাজ্যে শুরু হওয়া এই ‘ডিম ছোঁড়া’ রাজনৈতিক সংস্কৃতি নিয়ে বিজেপির দাবি, এটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তোলাবাজ তৃণমূলের বিরুদ্ধে সাধারণ জনরোষ। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments