সৌভিক সিকদার, পূর্ব বর্ধমান -: শীত, গ্রীষ্ম, বর্ষা – আপদে বিপদে পুলিশ প্রশাসন হয়ে ওঠে সাধারণ মানুষের সবচেয়ে বড় ভরসা। অথচ সামান্য পান থেকে চুন খসলেই ওদের বিরুদ্ধে ওঠে একরাশ অভিযোগ। ওরাই যে প্রকৃত সমাজবন্ধু বারবার তার প্রমাণ পাওয়া যায়। এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।
কমিউনিটি পুলিশিংয়ের অঙ্গ হিসেবে নতুন বছরে শুরুতেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাসের (আই.পি.এস) হাত ধরে স্বামী বিবেকানন্দের জন্মদিনের পুণ্য লগ্নে সুরক্ষা, সেবা ও সহমর্মিতার ব্রত নিয়ে জেলার প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের পাশে থাকার জন্য জেলার প্রতিটি থানা এলাকা জুড়ে সূচনা হলো “প্রণাম ২.০”।
জানা যাচ্ছে জেলার প্রবীণ এবং বিশেষ ভাবে সক্ষম ব্যাক্তিদের নিরাপত্তায়, স্বাস্থ্য, সাইবার সেফটি ও আপদকালীন সমস্যায় তাদের পাশে থাকার জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশ এই উদ্যোগ নিয়েছে। আপাতত জেলার প্রায় ১৫০০ জন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তি এই প্রকল্পের আওতায় থাকছেন। জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। প্রতিটি থানার পক্ষ থেকে একটি করে “টাস্ক ফোর্স” গঠন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন উপলক্ষ্যে শুভেচ্ছা জ্ঞাপন, চিকিৎসা সংক্রান্ত সহায়তা এবং যেকোনো জরুরি পরিষেবা তাদের প্রদান করা হবে। এছাড়াও পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত যেকোনো প্রবীণ মানুষ বা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তার নিজের থানার হেল্পলাইন নাম্বারে ফোন করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।


















