সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে জাতীয় সড়কে এক ব্যক্তিকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সতীশ মাহাতো ওরফে বিট্টু, সে রূপনারায়ণপুরের ওয়েস্ট রাঙামাটিয়া এলাকার বাসিন্দা। রবিবার তাকে আসানসোল আদালত পেশ করা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে আসানসোলে নাইট ডিউটিতে যাওয়ার সময় হরিদাস লায়েক (৪৩) নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনায় আগেই অজয় রাম নামে এক অভিযুক্ত গ্রেফতার হয়েছিল। পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির যৌথ বিশেষ টিম বিট্টুকে পাকড়াও করে। ধৃতের বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। এই ঘটনার নেপথ্যে অন্য কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে সালানপুর থানার পুলিশ।