সংবাদদাতা,আসানসোলঃ- কোলিয়ারিতে দুষ্কৃতী তাণ্ডব, আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নিরাপত্তা রক্ষী, পাকড়াও এক দুষ্কৃতী। ঘটনা আসানসোলে ইসিএলের শ্রীপুর সাতগ্রাম এরিয়ার গিরমিট কোলিয়ারির।
জানা গেছে বৃহস্পতি রাত্রি প্রায় দুটো নাগাদ কিছু দুষ্কৃতী অবৈধভাবে কলিয়ারি এলাকায় প্রবেশ করে। নিরাপত্তারক্ষীরা তাদের আটকানোর চেষ্টা করলে, দুষ্কৃতীরা পাল্টা হামলা চালায় বলে অভিযোগ। এর ফলে এক নিরাপত্তা রক্ষীর গুরুতর আহত হন। তার হাতে ও মাথায় গুরুতর চোট লাগে। এদিকে নিরাপত্তা রক্ষীদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে গেলে দুষ্কৃতীরা চম্পট দেয়। তবে পালিয়ে যাওয়ার সময় এক দুষ্কৃতী ধরা পড়ে যায়। পরে তাকে নর্থ থানার পুলিশ এর হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে কোলিয়ারির ট্রান্সফরমার চুরি করতে ঢুকেছিল দুষ্কৃতীরা।
এদিকে ঘটনার কথা জানাজানি হতেই এআইটিইউসির পক্ষ থেকে কর্মীদের নিরাপত্তার দাবি ও ম্যানেজমেন্টের অব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন ভোরে ইউনিয়নের সদস্যরা এজেন্টের অফিসের কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের পর্যাপ্ত আত্মরক্ষার সরঞ্জাম সরবরাহ করা, ইসিএল প্রাঙ্গণের সীমানা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছে এআইটিইউসি। অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা না হলে আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারিও দিয়েছে তারা।


















