নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “এতদিন ভোটকেন্দ্র গুলিতে তৃণমূলের গুন্ডাবাহিনী দেখা যেত। তবে এবার অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে বিজেপি সদর্থক পদক্ষেপ নেবে।” মঙ্গলবার শহরে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সংকল্প কমিটির চেয়ারম্যান তাপস রায়।
এদিনের সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপস রায় জানান, শান্তিপূর্ণ ও অবাধ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী সহ সবরকম সহযোগিতা চেয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে। এরপরই তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দলের গুণ্ডাগিরি রুখে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “এবার ভোটকেন্দ্রগুলি শাসক দলের গুণ্ডাবাহিনী মুক্ত করে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে পদক্ষেপ করবে বিজেপি।” এর পাশাপাশি এদিন থেকে তাপস রায় এসআইআর প্রক্রিয়া নিয়ে শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এসআইআর প্রক্রিয়া চালাতে বাধা দিচ্ছে। এসআইআর করতে গিয়ে বিএলও-রা হুমকির মুখে পড়ছেন।” এছাড়া রাজ্যের বেকারত্ব সমস্যা নিয়েও শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। তিনি বলেন, “যুবসমাজের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। চাকরি কোনো দান নয়, এটা বাংলার যুবসমাজের ন্যায্য অধিকার। বিজেপি চায় চাকরি, দুর্নীতি নয়।”
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।


















