নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে নতুন সাজে সেজে উঠল দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশান। নাগরিকদের দীর্ঘদিনের দাবি মেনে শ্মশান চত্বরে তৈরি হয়েছে একটি সুসজ্জিত প্রতীক্ষালয়, যাতে শেষকৃত্যের সময় আগত পরিবার ও আত্মীয়স্বজনদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে। এছাড়াও শ্মশানের অভ্যন্তরে প্রবেশের জন্য নির্মিত হয়েছে নতুন প্রবেশদ্বার, যা আগের তুলনায় অনেক বেশি প্রশস্ত ও নিরাপদ। পুরো এলাকাজুড়ে বসানো হয়েছে আধুনিক আলোকবাতি, যাতে রাতের সময়ও শ্মশান চত্বর আলোকিত থাকে এবং সাধারণ মানুষের যাতায়াতে কোনো অসুবিধা হবে না। এই উন্নয়নমূলক প্রকল্পে খরচ হয়েছে
প্রায় ৩০ লক্ষ টাকা।
সোমার শ্মশানের এই নতুন পরিকাঠামোর শুভ উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইসলাম-সহ দুর্গাপুর নগর নিগমের একাধিক আধিকারিক।
অনিন্দিতা মুখোপাধ্যায় এদিন জানান, নগর নিগমের উদ্যোগে শহরের নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে কাজ করা হচ্ছে। এই মহাশ্মশানের উন্নয়ন সেই উদ্যোগেরই একটি অংশ।



















