eaibanglai
Homeএই বাংলায়বিজেপি বিধায়কের উদ্যোগে দুর্গাপুরে ‘সামাজিক অধিকারিতা শিবির’, কটাক্ষ তৃণমূলের

বিজেপি বিধায়কের উদ্যোগে দুর্গাপুরে ‘সামাজিক অধিকারিতা শিবির’, কটাক্ষ তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের উদ্যোগে দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় সরকারের ‘সামাজিক অধিকারিতা শিবির’। মূলত বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ নাগরিকদের বিনামূল্যে সহায়ক সরঞ্জাম ও যন্ত্র (যেমন হুইলচেয়ার, শ্রবণ যন্ত্র, কৃত্রিম অঙ্গ) বিতরণ করা হয় এই শিবির থেকে।

এদিন ১১নাম্বার ওয়ার্ড কুরুলিয়া ডাঙ্গাল মিলন পল্লীতে এই বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। যেখানে এলাকার বিশেষভাবে সক্ষম নাগরিক ও বয়স্কদের বিনামূল্যে সহায়ক সরঞ্জাম ও যন্ত্র বিতরণ করা হয়।

লক্ষণবাবু জানান তাঁর বিধায়ক তহবিলের টাকা থেকে এই উন্নয়ন প্রকল্পের কাজ করা হচ্ছে। পুরনিগমের ২৭ টি ওয়ার্ডে ঘুরে ঘুরে এই শিবির করা হবে এবং উপযুক্ত প্রাপকদের হাতে সহায়ক সামগ্রী তুলে দেওয়া হবে। এই প্রকল্পে মোট ৭০০০ ব্যক্তিকে সাহায্য করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে বিজেপি বিধায়কের এই উদ্যোগ নিয়ে কটাক্ষের সুর শোনা গেল তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর গলায়। তিনি বলেন, “গত প্রায় সাড়ে চার বছর বিজেপি বিধায়ককে কোন কাজ করতে দেখা যায়নি। এখন হঠাৎ ভোটের আগে কেন এই উদ্যোগ। আসলে বিজেপির প্রচুর টাকা আছে। ভোটের আগে প্রচুর টাকা খরচা করবে তারা। ভোটের আগে মন জয়ের রাজনীতি করছেন বিধায়ক। সহানুভুতির রাজনীতি করে মানুষের মন জেতা যায় না। আমরা সারা বছর মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি।”

এই কটাক্ষ নিয়ে পাল্টা বিজেপি বিধায়ক বলেন, “আমি প্রথম থেকেই মানুষের পাশে থাকি। মানুষের সেবার জন্য রাজনীতিতে এসেছি। আমায় নিয়ে যারা কুৎসা করছে তাদের জানা উচিৎ পাণ্ডবেশ্বর বিধানসভা থেকেও বহু মানুষ আসেন আমার কাছে, তাদের কথা শুনি। এমনকি দুর্গাপুর পূর্ব থেকেও মানুষজন আসেন সাহায্য়ের জন্য।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments