নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে কেন্দ্রীয় সংস্থা ডিভিসির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সরব বিজেপি। ডিভিসির একশ্রেণীর অফিসার দুর্নীতির সাথে জড়িত। এই অভিযোগ তুলে সোমবার দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের গেটের সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি নেতা কর্মীরা।
এদিন দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের গেটের সামনে বিএমএস এর ঝাণ্ডা নিয়ে বিক্ষোভ দেখান বিএমএস কর্মী ও বিজেপি নেতৃত্ব। বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল। এদিনের বিক্ষোভ ঘিরে বেশ কিছুক্ষণ ধরে সাময়িক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়।
সুমন্তবাবু দাবি করেন, বেছে বেছে তৃণমূলের লোকদের কাজে নেওয়া হচ্ছে। এরপরই হুঁশিয়ারি দিয়ে বলেন, “যখন বিএমএস এর কর্মীরা কাজের দাবিতে বিক্ষোভ করেন তখন একশ্রেণীর আধিকারিকরা বলেন ওঁরা তো অদৃশ্য হয়ে গেছে। যেসব আধিকারিকরা এই ধরনের কাজ করছেন তাদের হুঁশিয়ারি দিচ্ছি। আপনাদের অবসরের পর সেইসব ফাইল কিন্তু আমরা খুলব। আপনাদের দুর্নীতি বের করবো। তারপর দেখব কারা অদৃশ্যে যায়।”
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিরুদ্ধে বিজেপির এই বিক্ষোভ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন,” মূর্খের স্বর্গে বাস করছে বিজেপি। বিজেপির লোকেরা বলছে তৃণমূলের লোকেদের কাজ দেওয়া হচ্ছে। যারা বলছে তাদের গলায় দড়ি নেওয়া উচিত। আর কেন্দ্রীয় সংস্থা কিভাবে তৃণমূলের লোকেদের নিয়োগ করে? এসব ফালতু কথাবার্তা বলে কোন লাভ নেই।”


















