সংবাদদাতা,কলকাতাঃ- হোলি মানেই রঙের আনন্দে ডুব দেওয়া। তার সঙ্গে খাওয়া দাওয়া তো রয়েইছে। তবে ছোটদের কাছে হোলি রঙের খেলা। আবির, জল রং, বাদর রং কত না রঙ নিয়ে বন্ধুদের ভূত বালিয়ে দেওয়া আর তার মধ্যে দিয়েই আনন্দে মেতে ওঠা। ছোটবেলার হোলির এই স্মৃতিগুলো হয়তো সকলেরই কমবেশি এরকমই আনন্দের। যারা এভাবে রঙ নিয়ে বন্ধুদের সঙ্গে খেলায় মেতে উঠতে পারে সেই সব শিশুরা, ছোটরা, কিশোর কিশোরীরা ভাগ্যবান। কারণ সমাজে এমন বহু শিশু কিশোর কিশোরীরা সেই সুযোগ পায় না। কারণ তাদের দুবেলা পেটের ভাত জোগার করতেই কেটে যায় সব উৎসব। সেখানে আনন্দের আর কোন জায়গা হয়না, সে চারিদিকে যতোই রঙ ছড়িয়ে ছিটিয়ে থাকুক।
এই সব প্রান্তিক শিশুদের কথা মাথায় রেখেই বিশেষ হোলি উদযাপন করল স্বেচ্ছাসেবী সংস্থা “উই আর দ্য কমন পিপল”। স্বদেশ জাগরণ মঞ্চ (কলকাতা)-এর সহযোগিতায় কলকাতার কাঁটাপুকুর মাঠে ছোটদের জন্য আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসব। যেখানে প্রান্তিক শিশুরা,ছোটরা, কিশোর কিশোরীরা নিজের মতো করে রঙ খেলার আনন্দে মেতে ওঠে। এছাড়া ওদের জন্য ছিল ব্যান্ড পারফরম্যান্স এবং সাংস্কৃতিক পরিবেশনা। যুব সমাজের প্রতিনিধিরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। শেষে শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
উদ্যোক্তাদের মধ্যে শুভজিৎ দত্তগুপ্ত জানান, সমাজের সব স্তরের শিশুদের উৎসবের আনন্দে যুক্ত করাই তাঁদের লক্ষ্য। প্রসঙ্গত উল্লেখ্য “উই আর দ্য কমন পিপল” সারা বছর ধরেই প্রান্তিক শিশুদের জন্য বিভিন্ন উৎসব আয়োজন করে থাকে। এছাড়াও বিভিন্ন মানবাধিকার এবং সামাজিক ইস্যু নিয়ে কাজ করে।


















