সংবাদদাতা,ঝালদাঃ– এই বসন্তে লালা মাটির দেশে শাল পিয়ালের জঙ্গলে পলাশ কৃষ্ণচূড়ারা আগুন লাগায়। আর তাদের সঙ্গ দেয় রাধাচূড়া, অমলতাস, জারুল সহ আরও কত নাম না জানা ফুল। এ যেন প্রকৃতির নিজস্ব রঙ খেলা। আর প্রকৃতির এই রঙ খেলার সঙ্গী হয়ে বসন্ত উৎসব বা হোলি উদযাপন করতে অনেকেই বিশেষ দিনে বন্ধু বান্ধবের সঙ্গে ছুটে যান লাল মাটির দেশ পুরুলিয়ায়। তাই দোলে প্রতিবছর পর্যটকদের ঢল নামে পুরুলিয়ায়, অযোধ্যা পাহাড়ের নৈস্বর্গিক প্রকৃতির মধ্যে হোলি উদযাপন করতে। এই হোলির সময় পুরো অযোধ্যা পাহাড় পলাশ ফুলে লাল হয়ে থাকে। মূলত এই আগুন রঙা পাহাড়ের রানিকে দেখতে ছুটে যান পর্যটকরা।
হোলি উপলক্ষে অন্যান্য বছরের মতো এ বছরও রাজ্য ও ভিন রাজ্য থেকে বহু পর্যটক ভিড় জমিয়েছেন অযোধ্যা পাহাড়ে। কিন্তু এবছর সেই কাঙ্ক্ষিত পলাশের দেখা মেলেনি, হাতে গোনা কয়েকটি গাছ ছাড়া। ফলে কিছুটা হতাশা ছড়িয়ে পড়ে ভ্রমণপিপাসুদের মধ্যে।
নর্থ বেঙ্গল থেকে আসা মানসী ঘোষ ও জয়শ্রী চক্রবর্তী এবং বর্ধমানের পায়েল দত্ত ও শিব প্রসাদ হালদার জানান, “এই সময় পলাশ দেখার আশাতেই পুরুলিয়া আসা। সেটা না পেয়ে খানিকটা খারাপ লাগছে।” তবে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ ও হোলির উৎসবমুখর আবহে আনন্দ উপভোগে কোনও খামতি রাখেননি পর্যটকেরা। পলাশ না ফুটলেও হোলির রঙে রঙীন হয়ে ওঠে অযোধ্যা পাহাড়।


















